চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল থেকে দিনদুপুরে ট্রাকে করে লোহার ইস্পাত নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বাঁধার মুখে পড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি লোহার ইস্পাতসহ মালামালগুলো পুলিশের কাছে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীনা অর্থনৈতিক অঞ্চলের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি চায়না কোম্পানির লোহার ইস্পাতগুলো অবৈধভাবে নিয়ে যাচ্ছিল তারা।
সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চীনা অর্থনৈতিক অঞ্চলের মূল ফটক থেকে ইস্পাত ও লোহা নিয়ে একটি ট্রাক বের করছিল আবদুল গফুরের লোকজন। এ সময় স্থানীয়রা লোহাভর্তি ট্রাকটি আটকে দেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় গাড়িটি আনোয়ারা থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আবদুল গফুর বলেন, আমরা চায়না ইকোনমিক জোনের কর্তৃপক্ষের কাছ থেকে এগুলো কিনেছি। আমাদের সকল বৈধ কাগজপত্রও রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,‘আমরা কাগজপত্র দেখে ট্রাকসহ মালামাল ইকোনমিক জোনে ফিরিয়ে দিয়েছি।’
জানতে চাইলে চীনা অর্থনৈতিক অঞ্চলের প্রতিনিধি ও কর্ণফুলী টানেলের নির্বাহী প্রকৌশলী শাহেদুজ্জামান বলেন, ‘ইস্পাতগুলো ইকোনমিক জোনে অস্থায়ী ক্যাম্প নির্মাণের জন্য আনা হয়েছিল। পুলিশের সহযোগিতায় থানা থেকে মালামাল আমরা ইকোনমিক জোনে ফিরিয়ে এনেছি।’