কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গত ১৭ বছর ধরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার দেশের জনগণের ওপর যেভাবে জুলুম অত্যচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা ভুলে যাওয়ার কোনও সুযোগ নেই।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর রোড মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে আমাদের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জন্য আমাদের অনেক ভাইদের জীবন দিতে হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা এখনও পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচারের পতন আন্দোলন এবং গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখে সাহসিকতার পরিচয় দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের সাহসিকতার কারণেই বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের মানুষ প্রত্যাশা করে দেশে আর যেন কোনও স্বৈরাচারের জন্ম না হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।
একেকজন ডিসি তিন শতাধিক কমিটির সভাপতি
ইমরান-বুশরার বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত