পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা হবে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। পানামা সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি বলেছেন, ‘প্রকৃতপক্ষে, পানামা খাল পানামাবাসীর।’
সোমবার (২৩ ডিসেম্বর) শেইনবাউম তার নিয়মিত সকালের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি জানানো হয়।
এর আগে অ্যারিজোনায় এক সমাবেশে ট্রাম্প পানামা খাল ব্যবহারে অতিরিক্ত হারে চার্জ করার অভিযোগ করেন। তিনি বলেন, মধ্য আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্য নৌযান থেকে অতিরিক্ত ফি আদায় করছে। এসময় পানামা খাল ব্যবহারের ফি কমাতে কিংবা এটিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবি করেন ট্রাম্প।
ট্রাম্পের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত বিরল, যেখানে একজন মার্কিন নেতা একটি সার্বভৌম দেশকে ভূখণ্ড হস্তান্তরের জন্য চাপ দেওয়ার কথা বলেছেন।
তার এ মন্তব্যের পর পরই পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে মুলিনো বলেন, ‘পানামা খাল ও এর আশপাশের প্রতিটি বর্গমিটার পানামার মালিকানাধীন থাকবে।’