৪০ জনের মধ্যে যে তিনজনের মৃত্যুদণ্ড ক্ষমা করেননি বাইডেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের ফেডারেল মৃত্যুদণ্ডের তালিকায় থাকা ৪০ জনের মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেও তিনজনের মৃত্যুদণ্ড বাতিল করেননি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই তিনজন হলেন—ডাইলান রুফ, জোখার সারনায়েভ এবং রবার্ট বাউয়ার্স।

সোমবার নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টনে মাদার ইমানুয়েল এএমই চার্চে বর্ণবাদী হামলা চালিয়ে ৯ কৃষ্ণাঙ্গকে হত্যা করেন ডাইলান রুফ। পরে আদালতে তিনি স্বীকার করেছিলেন, একটি বর্ণযুদ্ধ শুরু করাই ছিল তার উদ্দেশ্য। ২০১৬ সালে একটি জুরি রুফকে ৩৩টি ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং ২০১৭ সালে তাকে মৃত্যুদণ্ড দেয়।

অন্য আসামি জোখার সারনায়েভকেও ক্ষমা করেননি বাইডেন। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে বোমা হামলায় তিনজন নিহত এবং ২৬৪ জন আহত হয়েছিলেন। এই হামলাটি সারনায়েভ এবং তার ভাই তামারলান চালিয়েছিলেন। তামারলান পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আর জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

এদিকে ২০১৮ সালে পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন উপাসককে হত্যা করেছিলেন রবার্ট বাউয়ার্স। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইহুদি-বিদ্বেষী হামলা।২০২৩ সালে আদালত বাউয়ার্সকে ৬৩টি অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, ২০২১ সালে জো বাইডেন ফেডারেল মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করেছিলেন। নতুন সিদ্ধান্তকে তিনি যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে উল্লেখ করেছেন। তবে সন্ত্রাস ও ঘৃণাত্মক অপরাধে জড়িত গণহত্যার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত