কোনো অবস্থাতেই জনগণের আস্থা ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকার চেষ্টা কেউ কোনো কর্নার থেকে করলে সেটি বিশৃঙ্খলার জন্ম দিতে পারে। কাজেই দ্রুততম সময়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা পাওয়াটাই এই মুহূর্তের সবচেয়ে বড় চাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এজেডএম জাহিদ হোসেন।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের হলরুমে তাদের সঙ্গে শুভেচ্ছা মতবিনিময় এবং আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যত দ্রুততার সঙ্গে নির্বাচনী রোডম্যাপটি স্পষ্টভাবে জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করবে, আমার মনে হয় দেশে তত দ্রুততম সময়ে দেশের সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।