কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ৫ শতাধিক ঘর। এ সময় দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে দুপুর ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই আগুন লাগে।
অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে এক শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি ঘরে আগুন ধরে যায়। আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। রোহিঙ্গা ক্যাম্প পরিচালনা কর্র্তৃপক্ষসহ
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি পুলিশও কাজ করছে।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস-পুলিশ একসঙ্গে কাজ করছে।