সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং সেই লক্ষ্যে একটি জাতীয় সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। পাশাপাশি সংবাদপত্র পরিষদের সদস্যরা সংবাদপত্র যাতে নির্ভয়ে সব ধরনের হস্তক্ষেপমুক্ত থেকে কাজ করতে পারে, সেজন্য প্রেস কাউন্সিলকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন ও শক্তিশালী করে গড়ে তোলার কথা বলেন। একই সঙ্গে ১৯৯০-এ দেশ গণতন্ত্রে প্রত্যবর্তনের পর থেকে এ পর্যন্ত সংবাদমাধ্যম কতটা ব্যর্থ বা সফল হয়েছে, তা মূল্যায়নের আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘আমরা গণমাধ্যম সংস্কার কমিশনকে ইতিবাচকভাবে দেখছি। কারণ কমিশনের সবাই মুক্ত গণমাধ্যমের পক্ষে। আইনগত, পেশাগত এবং বাস্তবসম্মত কাঠামোর সুপারিশ প্রয়োজন। সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে সরাসরি গ্রেপ্তার করা যাবে না। সমন জারি করে প্রাথমিক শুনানির পরেই সিদ্ধান্ত নিতে হবে। ইউনিয়নের দলীয়করণের কারণে সাংবাদিকদের অধিকার রক্ষা হচ্ছে না এবং সাংবাদিকরা বিভিন্ন ধরনের সংগঠন করছে, যাতে দুর্নীতি হচ্ছে।’
সম্পাদক পরিষদের সদস্য ও দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবির বলেন, ‘সম্পাদনার জন্য ও সাংবাদিকতার জন্য আমরা প্রশংসিত হয়েছি। সবাইকে সাধারণভাবে ব্যর্থ বলা যাবে না। সংবিধানের অনুচ্ছেদ ৩৯-এ মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বলা আছে, এটি আইনের দ্বারা আরোপিত শর্তসাপেক্ষ। আইনের দুটো ধারা আছে, একটা ন্যায্য ও অন্যায্য। এ বিষয়টি স্পষ্ট করার সুপারিশ থাকা দরকার।’
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বর্ণিক বার্তার প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, ‘কালো আইন যেগুলো হয়েছে সেগুলো মোকাবিলায় সম্পাদক পরিষদের ভূমিকাকে কৃতিত্ব দিতেই হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সম্পাদকরা রাজপথে নেমেছিলেন। প্রিন্ট মিডিয়া অনেক সাহস দেখিয়েছে। আর্থিক ক্ষতির শিকার হয়েছে। নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে। কিন্তু তারপরও তারা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করেছে।’
সম্পাদক পরিষদের সদস্য ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সংবাদপত্রের সমস্যার দায় প্রথমত সংবাদপত্রের নিজের। তাকে টেকসই হতে হবে। দলনিরপেক্ষ হতে হবে। পত্রিকাকে আর্থিকভাবে টেকসই করতে হবে।’
সম্পাদক পরিষদের সদস্য ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন বলেন, ‘কিছু সাংবাদিক নেতার লোভ এবং বড় ব্যবসায়ীর স্বার্থের কারণে অনেক ক্ষেত্রে পাঠক বিশ্বাস হারিয়েছে। মিডিয়াকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে হবে।’
সম্পাদক পরিষদের সদস্য ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, ‘গণমাধ্যম সংস্কারের কাজ সবচেয়ে কঠিন ও দুরূহ। সংস্কারের কাজ বাস্তবায়ন কারা করবে।’ তিনি গণমাধ্যমে বিনিয়োগের উৎস কী, সেই প্রশ্নও তোলেন।
এ ছাড়া বক্তব্য দেন আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, ইত্তেফাক সম্পাদক বেগম তাসমিমা হোসেন ও সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও করতোয়া সম্পাদক মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন কমিশন সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্তগুপ্ত।