সুন্দরগঞ্জে মাদকসহ এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকসহ শাকিল খান (২৬) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শাকিলকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সেলিম রেজা শাকিলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। শাকিলের বাড়ি উপজেলার চ-িপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে। শাকিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান চালায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশন এলাকা থেকে শাকিলকে আটক করা হয়। পুলিশের দাবি, শাকিলের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান মুঠোফোনে জানান, জাতীয় নাগরিক পার্টি সবসময় মাদক, জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত