জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন টেস্ট অভিষেক হয় তখন অস্ট্রেলিয়ার এখনকার অধিনায়ক প্যাট কামিন্সের বয়স ছিলো মাত্র ১৮। আগামীকাল বক্সিং ডে টেস্টে অজিদের হয়ে অভিষেক হতে যাচ্ছে ১৯ বছরের ওপেনার স্যাম কনস্টাসের। কনস্টাসের মনে চলছে তা সবচেয়ে ভালো বুঝতে পারছেন কাপ্তান কামিন্স। এমন মহাগুরুত্বপূর্ণ দিনটির আগে তাই নিজের একাদশের একেবারে তরুণ খেলোয়াড়টির মনে সাহসের সঞ্চার ঘটিয়েছেন কামিন্স।
কামিন্স বলেন, ‘আমি জানি, এ সপ্তাহে স্যামিরও (কনস্টাস) আমার মতোই লাগছে। ভাবতেই কেমন লাগে না, যখন বাড়ির আঙিনায় খেলার কথা, তখন জাতীয় দলের হয়ে খেলতে নামছেন। আপনাকে এটাকে আরেকটা ম্যাচ ধরেই নামতে হবে, উপভোগ করতে হবে, আর এ নিয়ে বেশি চিন্তা করা যাবে না। স্যামের জন্য এটা আমার বার্তা। ১৮ বছর বয়সে আমারও এমন লাগছিল। আমি খুব রোমাঞ্চিত ছিলাম। তবে খেলা শুরু হতেই আপনি গেম মুডে চলে যাবেন, অন্য যেকোনো ম্যাচের মতোই মনে হবে।’
২০১১ সালে ১৮ বছর বয়সে প্যাট কামিন্সের টেস্টে অভিষেকের পর কনস্টাসই অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলতে যাচ্ছেন। সতীর্থকে কামিন্স দিয়েছেন উপভোগের মন্ত্র, ‘এত অল্প বয়সে বক্সিং ডেতে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে, এর চেয়ে ভালো আর কী হতে পারত। তাই সময়টা উপভোগ করো।’
নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে কন্সটাসকে একেবারেই ঘাবড়াতে বারণ করে দিয়েছেন কামিন্স, ‘আমি মনে মনে বলছিলাম যদি ভালো না খেলি তবে সেটি আমার দোষ নয়, দোষ নির্বাচকদের, তারা কেন আমাকে দলে নিলেন। ভাবখানা এমন ছিল যে ওই নির্বোধের দল কেন ১৮ বছর বয়সী একজনকে দলে নিল।’
ওই ম্যাচে কামিন্স ঠিকই পুরোটুকু উপভোগ করেছিলেন। ৭৮ রানে ধরেছিলেন ৬ শিকার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার সমীকরণ মাথায় রেখে কনস্টাসও চাইবেন মেলবোর্নকে কীর্তিময় করে রাখতে। তিনি ছাড়া অজি একাদশে আসছে আরেকটি পরিবর্তন, জশ হ্যাজেলউডের জায়গায় খেলবেন স্কট বোল্যান্ড।