যেমন ছিল ২০২৪

দলের চেয়ে ব্যক্তি আলোচিত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ এএম

২০২৪ সালে হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা। তাই এ বছর ক্লাব ফুটবলের পাশাপাশি দুই মহাদেশীয় আসর নিয়েও উৎসবের আমেজ ছিল ফুটবল সমর্থকদের মনে। আন্তর্জাতিক ফুটবল দিয়ে ২০২৪-কে বর্ণনা করতে হলে বলতে হবে আর্জেন্টিনা, স্পেন, রিয়ালের সাফল্য আর ব্যালন ডি’অর বিতর্কের বছর।

বছরের বেশিরভাগ সময় ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়েই ফুটবল প্রেমীদের মাতামাতি থাকে বেশি। এ বছর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাজত্ব করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে পাঁচটি শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ জয়ের পর গত সপ্তাহে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি ঘরে তোলে।

বছরের শুরুতে স্প্যানিশ সুপার কাপ দিয়ে শুরু রিয়ালের। ফাইনালে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারায় বার্সেলোনাকে। ২০২৩-২৪ লা লিগা শিরোপা রিয়াল জেতে ৯৫ পয়েন্ট নিয়ে। ১০ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হয় বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগে গেল মৌসুমে রেকর্ড ১৫তম বার শিরোপা জেতে রিয়াল বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে।  চ্যাম্পিয়নস লিগ জেতার পর ২০২৪-২৫ মৌসুমটা রিয়াল শুরু করে উয়েফা সুপার কাপ জিতে। উয়েফা সুপার কাপে রিয়াল ২-০ গোলে হারায় গেল মৌসুমে ইউরোপা লিগজয়ী আতালান্তাকে। একই বছরে পাঁচ শিরোপার সবশেষটি রিয়াল জিতেছে গেল ১৮ ডিসেম্বর। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে মেক্সিকোর ক্লাব পাচুকাকে হারিয়ে। এ বছর কোপা দেল রে জেতে অ্যাথলেটিক বিলবাও। আর শিরোপাহীন বছর কাটে বার্সার।

২০২৩-২৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। টানা চতুর্থবার লিগ শিরোপা ঘরে তোলে পেপ গার্দিওলার দল। আর্সেনালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে জেতে সিটিজেনরা। ২০২৩-২৪ এফএ কাপের ফাইনাল হয় ম্যানচেস্টার ডার্বি। ম্যানইউ ২-১ গোলে হারায় ম্যানসিটিকে। ২০২৪ ইংলিশ লিগ কাপ জেতে লিভারপুল। ফাইনালে তারা হারায় (১-০) চেলসিকে। গেল আগস্টে কমিউনিটি শিল্ডের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ম্যানইউ ও ম্যানসিটি। টাইব্রেকারে সিটি হারায় ম্যানইউকে।

জার্মান ঘরোয়া ফুটবলে ২০২৪ সালে ছিল চমক। প্রথমবার লিগ শিরোপা জেতে লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমে অপরাজিত থেকে রেকর্ড গড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয় কোচ জাবি আলোনসোর লেভারকুজেন। জার্মান কাপও জেতে তারা। শিরোপাহীন মৌসুম কাটে জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখের। এ মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপও যায় লেভাকুজেনের ঘরে।

২০২৩-২৪ মৌসুমে ইতালিয়ান লিগ শিরোপা জেতে ইন্তার মিলান। এটি ছিল ইন্তারের ২০তম লিগ শিরোপা। ২০২৩ ইতালিয়ান সুপার কাপও জেতে ইন্তার। ইতালিয়ান কাপ জেতে জুভেন্তাস। ফ্রেঞ্চ লিগে আবারও শিরোপা জেতে পিএসজি। ফ্রেঞ্চ কাপও জেতে তারা। আর বছরের শুরুতে, পিএসজি জেতে ২০২৩ সালের ফ্রেঞ্চ সুপার কাপ।

এমএলএসে এই বছর মেসির ইন্টার মায়ামি রেগুলার সিজনে রেকর্ড পয়েন্ট পেয়ে জেতে। এই ট্রফিকে বলা হয় সাপোর্টারস শিল্ড। তবে এমএলএস কাপে প্লে-অফ রাউন্ড থেকেই বিদায় নেয় মায়ামি। এমএলএস কাপ জয়ীকেই মৌসুমের শিরোপাজয়ী ধরা হয়। সৌদি প্রো লিগে রোনালদোর ক্লাব আল নাসর অবশ্য ২০২৩-২৪ মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি। তবে রোনালদো ছিলেন গেল মৌসুমে সৌদি লিগে সর্বোচ্চ গোলদাতা। এ বছর পেশাদার ক্যারিয়ারে রোনালদো ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল করেন রোনালদো।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গেল জানুয়ারিতে শীতকালীন দলবদল বা জুনে গ্রীষ্মকালীন দলবদলে তেমন বড় চমক ছিল না। ২০২৩-২৪ মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফ্রি এজেন্ট হিসেবে। রিয়াল অতীতে বহুবার এমবাপ্পেকে দলে টানার চেষ্টা করে। তাই এমবাপ্পের দল-বদলও কোনো চমক সৃষ্টি করতে পারেনি।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৩-২৪ মৌসুম শেষে ফুটবল প্রেমীদের নজর ছিল গেল জুন-জুলাইয়ে হওয়া দুটি মহাদেশীয় টুর্নামেন্টে। ইউরো ২০২৪ জিতেছে স্পেন। ফাইনালে স্পেন ২-১ গোলে হারায় ইংল্যান্ডকে। এটি ছিল ইউরোতে স্পেনের চতুর্থ শিরোপা। তাতে সবচেয়ে বেশি ইউরো জয়ী দল হিসেবেও নাম লেখায় স্পেন। ইউরোর সেরা খেলোয়াড় হন স্পেনের রদ্রি।

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচটি নির্ধারিত সময়ে ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে (১১২ মিনিট) লাউতারো মার্তিনেজের গোল ব্যবধান গড়ে দেয়। টানা দ্বিতীয়বার ও রেকর্ড ১৬ বার কোপা শিরোপা নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। তবে শিরোপা জয়ের হাসির আগে কেঁদেছেন আর্জেন্টাইন সমর্থকরা, কেঁদেছিলেন লিওনেল মেসি নিজেও। ইনজুরিতে পড়ে মেসি মাঠ ছাড়েন ম্যাচের ৬৫ মিনিটে। তখনই দেখা যায় সেই কান্নার দৃশ্য।

২০২৩ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না মেসি ও রোনালদোর কেউই। গেল ২১ বছরে এমন ঘটনা ছিল এই প্রথম। ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানের আগে যা ঘটে সেটি অবাক করেছে অনেককেই। ক্লাব রিয়াল মাদ্রিদ বয়কট করে ব্যালন ডি’অর অনুষ্ঠান। তারা অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানতে পারে পুরস্কারটি উঠছে ম্যানসিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির হাতে, সে কারণেই বয়কট করে। পরেও এ নিয়ে থামেনি আলোচনা-সমালোচনা। রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ তো প্রশ্নই তোলেন ব্যালন ডি’অরের ভোটিং পদ্ধতি নিয়ে। তবে মৌসুম জুড়ে ক্লাবের হয়ে শিরোপা জিতলেও ব্রাজিলের হয়ে বলার মতো কিছু করতে পারেননি ভিনি। গেল ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে ভিনিসিয়ুসের হাতে। তাতে ২০০৭ সালের পর কোনো ব্রাজিলিয়ানের হাতে ওঠে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত