চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি রিভলবার ও ১৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ জানতে পারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হওয়া এসব অস্ত্র ও বুলেট চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় কাস্টম একাডেমির পেছনে ছিনতাইকারী গ্রেপ্তার অভিযান গেলে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে এসব অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।