চার পেসার ও বাবরকে নিয়ে মাঠে নামছে পাকিস্তান

সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। দুই টেস্ট পরই দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। রানখরায় ভুগতে থাকা এই তারকা ব্যাটারের ওপর আস্থা রেখেছেন দেশটির নির্বাচকেরা। সেঞ্চুরিয়নের পেস স্বর্গে পাকিস্তান একাদশে আছেন চার পেসার। ওয়ানডেতে টানা তিন ‘ডাক’ মেরে বাদ পড়েছেন ওপেনার আবদুল্লাহ শাফিক।

বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে মাঠে গড়াবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখেই এই ম্যাচের পাকিস্তান দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। তবে প্রয়োজনে অফ স্পিনে হাত ঘোরাতে পারেন সালমান আগা। এছাড়া সৌদ শাকিলও কার্যকর বাঁহাতি স্পিন করতে পারেন।

এদিকে সর্বশেষ ১৮ ইনিংসে বাবর আজমের কোনো ফিফটি নেই। চল্লিশের ঘরে যেতে পেরেছেন মাত্র একবার। সর্বশেষ পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের। তিনি ব্যাট করবেন তিন নম্বরে। আব্দুল্লাহ শফিক বাদ পড়ায় সাইম আইয়ুবের সঙ্গে ওপেন করতে হবে শান মাসুদকে।

সেঞ্চুরিয়ন টেস্টের পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, সালমান আলি আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।