৬ ইনিংসে ৬২ ছক্কা, দুই ডাবল সেঞ্চুরি; কে এই রিজভী?

অচেনা ক্রিকেটারদের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে ভারতের ঘরোয়া ক্রিকেট নিয়মিতই আলোচনায় উঠে আসে। সেখানকার ঘরোয়া ক্রিকেটের মান যে কোনো দেশকেই হার মানাতে পারে। এবার ভারতের ওয়ানডে টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফিতে রানবন্যা বইয়ে দিয়ে আলোচনায় উঠে এসেছেন উত্তর প্রদেশের সমির রিজভী। ৬ ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরিতে তিনি করে ফেলেছেন ৭২৮ রান!

২১ বছর বয়সী সমির রিজভী ভারতের ক্রিকেটে খুব একটা অপরিচিত নন। ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। চলতি বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে টানা তিন ইনিংসে তিন অংক ছুঁয়েছেন। তারপর একটি ইনিংসে অল্প রানে আউট হওয়ার পর ফের স্বরূপে ধরা দেন। পাঁচ দিনের ব্যবধানে হাঁকান দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। গতকাল বুধবার বিদর্ভের বিপক্ষে রান তাড়ায় ১০৫ বলে ১৮ ছক্কা ও ১০ চারে খেলেন অপরাজিত ২০২ রানের ইনিংস।

গত শনিবার ত্রিপুরার বিপক্ষে ২০ ছক্কা ও ১৩ চারে ৯৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেন রিজভী, যা টুর্নামেন্টটির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। এর আগে ৬৯ বলে অপরাজিত ১৩৭ ও ১১৪ বলে ১৫৩ রানের দুটি ইনিংস খেলেছেন। এখন পর্যন্ত আসরে ৬ ইনিংসে ২৪২.৬৭ গড় ও ১৭২.৫১ স্ট্রাইক রেটে রিজভীর সংগ্রহ ৭২৮ রান। যেখানে ৫২ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৬২টি ছক্কা!

উত্তর প্রদেশে রিজভীকে বলা হয় ‘ডানহাতি সুরেশ রায়না’। গত আইপিএলের নিলামে ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়ে হইচই ফেলে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথম বলে ছক্কা মেরে আইপিএল শুরু করেছিলেন। তবে প্রথম আসরটি ভালো কাটেনি। ৮ ম্যাচে করেন মাত্র ৫১ রান। তাই এবার স্রেফ ৯৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সম্প্রতি উত্তর প্রদেশের সিনিয়র দল থেকেও বাদ পড়েছেন। তারপরই ঝড় তুলেছেন বয়সভিত্তিক এই টুর্নামেন্টে।