স্কুপ, রিভার্স স্কুপে বুমরাকে কাঁদিয়ে ছাড়লেন ১৯ বছরের কনস্টাস

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

মেলবোর্নে মাঠে নামার আগেই একটা রেকর্ড নিশ্চিত হয়ে গিয়েছিল স্যাম কনস্টাসের। ১৯ বছর ৮৫ দিন বয়সে ব্যাটিং করতে নেমেই ভেঙে দিয়েছেন ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে অভিষেকের কীর্তি। দেশের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকের পর ব্যাট হাতে বাইশ গজে দেখিয়েছেন নিজের সামর্থ্য।

নাহ, অভিষেকে তিন অংকে যেতে পারেননি কনস্টাস। তবে ৬৫ বলে ৬০ রানের ইনিংসে তিনি এমন সব শট খেলেছেন, যা দেখে হতভম্ব হয়ে গেছেন সবাই। বিশেষ করে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাকে তিনি টার্গেট করেছিলেন, যে বুমরাকে বিশ্বের যে কোনো ব্যাটারই দেখেশুনে খেলে। বুমরার প্রথম ওভারে ব্যাটে সেভাবে বলই লাগাতে পারেননি। পরের ওভারেও তাই।

কিন্তু বুমরাকে যখন টার্গেট করেছেন, তখন ছাড় দিতে নারাজ ছিলেন কনস্টাস। ৭৭ হাজার দর্শকের সামনে মুহূর্তেই তিনি এলোমেলো করে দেন তার বোলিং লাইনআপ। স্কুপ, রিভার্স স্কুপ আর স্কুপে মারেন ৪, ৬, ৪! দুর্ধর্ষ পেসার বুমরা নিজেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না যে ১৯ বছরের তরুণের কাছে এভাবে পিটুনি খেতে হবে! কনস্টাসের সৌজন্যে প্রথম সেশনে ১ উইকেটে ১১২ রান তুলে ফেলে স্বাগতিকরা।

নাথান ম্যাকসুয়েনির জায়গায় এই টেস্টে ডাক পাওয়া কনস্টাস আউট হওয়ার পর দর্শকদের যে অভ্যর্থনা পেয়েছেন, সেটাও তার জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। দর্শকদের আহবানে গ্যালারির পাশে গিয়ে দিয়েছেন অটোগ্রাফ, তুলেছেন সেলফি। ইতোমধ্যেই তিনি বক্সিং ডে টেস্টের নায়ক হয়ে গেছেন। ক্রিকেটবোদ্ধারা মেতেছেন তার প্রশংসায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত