বছর দুয়েক আগে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে একটি রীতি চালু হয়েছিল। অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে ফ্লপি হ্যাট সম্মান জানানো। ২০২২ সালের মার্চে হুট করেই না ফেরার দেশে পাড়ি জমান এই লেগ স্পিন জাদুকর। আজও তাকে সম্মান জানালেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ৭৭ হাজার দর্শক।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট। স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ম্যাচ থামিয়ে দেওয়া হয় এক মিনিটের জন্য। ওই সময় ক্রিকেটার, আম্পায়ার এবং দর্শকরা ওয়ার্নকে ফ্লপি হ্যাট সম্মান জানান। হ্যাট হাতে নিয়ে বিশেষ এই ভঙ্গিমা ছিল ওয়ার্নের সিগনেচার স্টাইল। সেই স্টাইল অনুকরণের মাধ্যমেই স্পিন কিংবদন্তিকে সম্মান জানাল এমজিসি।
টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে। চারটি পঞ্চাশোর্ধ ইনিংস থাকলেও কেউ তিন অংকে যেতে পারেননি। অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাটস ৬০, উসমান খাজা ৫৭, মার্নাস লাবুশানে ৭২ আর স্টিভেন স্মিথ ৬৮* রান করেছেন। স্মিথের সঙ্গী প্যাট কামিন্স অপরাজিত আছেন ৮* রানে। বল হাতে ৩ উইকেট নিয়েছেন ভারতের জসপ্রিত বুমরা।