অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটতারকা শেন ওয়ার্নের ৫৭তম জন্মবার্ষিকীতে তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন একটি হৃদয়স্পর্শী ভিডিও প্রকাশ করেছেন। মৃত্যুর আগে বাবার পাঠানো একটি অপ্রকাশিত ফেসটাইম ভিডিও শেয়ার করে প্রয়াত বাবাকে স্মরণ করেছেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) শেন ওয়ার্নের জন্মবার্ষিকী উপলক্ষে ২৭ বছর বয়সী জ্যাকসন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, স্কটল্যান্ডের ঠাণ্ডা আবহাওয়ায় ‘আলফ্রেড ডানহিল গলফ চ্যাম্পিয়নশিপে’ অংশ নেওয়ার সময় শেন ওয়ার্ন তাঁর ছেলেকে ভিডিও কল করছেন।
ভিডিওতে শেন ওয়ার্নকে বলতে শোনা যায়, সেখানে তাপমাত্রা মাত্র চার ডিগ্রি সেলসিয়াস হওয়ায় তিনি চারটি ভিন্ন স্তরের পোশাক, বিনি এবং থার্মাল পরে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন। গলফ টুর্নামেন্ট নিয়ে নিজের উদ্বেগের কথা জানানোর পাশাপাশি সন্তানদের কাছে ফিরে যাওয়ার দিন গণনা করছিলেন তিনি।
ভিডিওর শেষ অংশে শেন বলেন, "আমি আগামী ১৪ তারিখে ফিরছি। মনে হয় আর মাত্র ছয় দিন বাকি তোমাদের সঙ্গে দেখা হতে, ইয়ে!" এরপর তিনি যোগ করেন, "আশা করি তোমাদের দিনটি ভালো কেটেছে। তোমাদের খুব মিস করছি এবং অনেক ভালোবাসি।"
ভিডিওটির ক্যাপশনে জ্যাকসন লিখেছেন, "এই আপডেটগুলো খুব মিস করছি, জন্মদিনের শুভেচ্ছা বাবা।"
শেনের মেয়ে ব্রুক ওয়ার্নও কমেন্ট বক্সে লিখেছেন, "বাবার এই আপডেটগুলো সেরা ছিল, এগুলো খুব মিস করি।" এছাড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার সঙ্গে শৈশবের একটি পুরানো ছবি শেয়ার করে ব্রুক লিখেছেন, "আজকের দিনটি সবসময় তোমারই থাকবে। জন্মদিনের শুভেচ্ছা বাবা।"
উল্লেখ্য, ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কো সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান এই অস্ট্রেলীয় লিজেন্ডারি লেগ স্পিনার।
স্টেডিয়াম অব লাইটের আলো জ্বাললেন ব্রুনো-সাকা