২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৬৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭১১ জনে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪২ জন, ঢাকা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহে দুইজন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে চার জন, খুলনায় ২৫ জন, রাজশাহী বিভাগে ছয়জন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী। চলতি বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৪৭৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ২৩৮ জন।