সচিবালয়ের অগ্নিকাণ্ড রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার একটা অপচেষ্টা বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
জাতীয় নাগরিক কমিটির বিবৃতিতে বলা হয়, আমরা চরম উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ফ্যাসিবাদের মদদপুষ্ট নানা মহল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পূর্বেই পদোন্নতিতে কোটা সংক্রান্ত সুপারিশ গণমাধ্যমে প্রকাশের ফলে ক্যাডারদের মাঝে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত সংস্কার কমিশনগুলোর সম্ভাব্য চূড়ান্ত প্রতিবেদনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কার প্রস্তাবনা ও সংস্কার কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে নানাবিধ তৎপরতা চলছে। সংস্কার কমিশনগুলো সরকারের কাছে নিজেদের চূড়ান্ত প্রতিবেদনসমূহ দাখিল করার পূর্বেই এ ধরনের অস্থিরতা এবং কমিশনের কাজে প্রতিবন্ধকতা রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার একটা অপচেষ্টা বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।
সচিবালয়ের মতো একটি নিরাপত্তাবেষ্টিত স্থানে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পতিত ফ্যাসিবাদী শক্তিদের ষড়যন্ত্র বলে মনে করে নাগরিক কমিটি। তাই দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়।
এছাড়াও, অগ্নিনির্বাপণ করতে গিয়ে সোয়ানুর জামান নামক ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যুতে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি।