সোনা চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে বিমান জব্দ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

সোনা চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বিমানটি জব্দ করেন।

এর আগে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বিমানটি। এরপরই একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করে কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বোয়িং-৭৭৭-৩ই৯ (ইআর) মডেলের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে উড়াল দিয়ে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছে। বিমানটির ৯জে সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০টি ২৪ ক্যারেটের সোনার বার পাওয়া যায়। এরপর ওই সিটে থাকা যাত্রী আতিয়াকে আটক করা হয়।

আটক আতিয়া রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোহাম্মদ ইয়াসিনের মেয়ে।

এদিকে জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। তবে উড়োজাহাজটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আলমগীর।

কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন।

শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়েছে, সোনার দাম প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। আর বিমানটির মূল্য আনুমানিক প্রায় ১ হাজার কোটি টাকা। সবমিলে আটককৃত ১ হাজার ২ কোটি ৬০ লাখ টাকার বিষয়ে ন্যায় নির্ণয়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবর চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান জব্দের ঘটনা এটিই প্রথম। এক দশক আগে ঢাকায় চোরাচালানের সোনা বহন করায় দুটি উড়োজাহাজ জব্দ করার নজির রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত