আইনশৃঙ্খলা সহনশীল রাখতে কাজ করছে সেনাবাহিনী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান।

কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে, আমরা সেগুলোর সাথে তাল মিলিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে মিলেই কাজ করে যাচ্ছি। যাতে করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা সহনশীল পর্যায়ে থাকে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে তিনি বলেন, ‘স্ট্যাটিসট্যাকিলি অবনতি হয়নি। হ্যাঁ অনেক ঘটনা ঘটছে, আমাদের নজরদারিতেও আছে। এটার বিষয়ে পুলিশ কাজ করছে, আমরা কাজ করছি।’

গত ২৯ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, এই চার সপ্তাহে সেনাবাহিনী ২৮টি অবৈধ অস্ত্র এবং ৪২৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এই সময়ে বিভিন্ন শিল্প কারখানায় ৬৭টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকা রেখেছে সেনাবাহিনী। শিল্পাঞ্চল ছাড়াও গত এক মাসে ৪৫টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এক মাসে ২০০ মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪০৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনী আরও কতদিন মোতায়েন থাকবে জানতে চাইলে ইন্তেখাব হায়দার বলেন, সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে। সরকারের সিদ্ধান্তেই প্রত্যাহার করা হবে। কতদিন থাকা দরকার সেটার বিচার সরকার করবে।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে এ সেনা কর্মকর্তা বলেন, ‘এটা খুবই সাম্প্রতিক, তদন্তটা হলে আমরা বলতে পারব অগ্নিকাণ্ডের পেছনে কারণটা কী ছিল। এটা কি অ্যাক্সিডেন্ট না কি কেউ করেছে। আমাদের সচিবালয়ের কাছে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন ইমিডিয়েট ডেপ্লয়েড করেছে। ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহায়তা করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত