শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী সদর উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত বুধবার চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পর গতকাল বিকেল পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাবুর ছেলে মো. সোহান (১৬), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নজরুল ইসলামের ছেলে সালমান মাহিন (১৬) ও একই গ্রামের কামালকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সজিব অমিত (১৯)। অন্য আসামি রাশেদ (২০) পলাতক রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের সোহানের সঙ্গে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর যোগাযোগ হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ ডিসেম্বর সোহানের সঙ্গে দেখা করতে ওই শিক্ষার্থী ভবদিয়া পার্কে যায়। এ সময় সোহান তার তিন বন্ধুর সহযোগিতায় ওই শিক্ষার্থীকে একটি নির্জন বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থীকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় ছেড়ে দিলে সে বাড়িতে চলে যায়। পরে পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে ভুক্তভোগীর বাবা রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার পরপরই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।