টাকার বিনিময়ে যুবলীগ নেতাকে ছাড়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে তারাব পৌরসভার খাদুন এলাকায় গত বুধবার রাতে মিলন হাজী নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় রায়হান কবির সুমন নামে এক যুবলীগ নেতাকে আটকের পর পুলিশ টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এ অভিযোগ করেন। এর আগে বাড়িতে হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মিলন হাজী।

ভুক্তভোগী মিলন হাজী বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া, যুবলীগ নেতা রায়হান কবির ভূঁইয়া সুমন বেশ কিছুদিন ধরে আমার জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিল। বুধবার সন্ধ্যায় ওই আওয়ামী লীগ নেতাসহ ১৫-২০ জন পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা চালায়। পরে হামলাকারীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে চলে যাওয়ার সময় যুবলীগ নেতা রায়হান কবির সুমনকে আটক করে এলাকাবাসী। স্থানীয়রা পুলিশকে খবর দিলে রূপগঞ্জ থানার এসআই কামরুল ইসলামসহ অন্যান্য পুলিশ ঘটনাস্থলে গেলে সুমনকে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে এসআই কামরুলসহ পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে রায়হান কবির সুমনকে ছেড়ে দেয়।’

এ ব্যাপারে জানতে অভিযুক্ত রায়হান কবির সুমনের মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে রূপগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম বলেন, ‘টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রায়হান কবির সুমন ৯৯৯ এ কল করেন। আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম। সে কোনো আসামি না।’

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

যুবলীগ নেতাকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’