ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ তাদের পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে তারা এই ৬০ কাঠা আয়তনের জমি বরাদ্দ নিয়েছেন।
দুদকের তথ্যমতে, প্রভাব খাটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে ১০ কাঠা করে ছয়টি প্লট অর্থাৎ মোট ৬০ কাঠা আয়তনের জমি বরাদ্দ নিয়েছেন। এটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ১৭ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে প্রায় ৯০ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ অগ্রাধিকারের আটটি প্রকল্পে ২১ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। কমিশন এসব অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৯০ হাজার কোটি দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। এরপর গত ২২ ডিসেম্বর শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে রাষ্ট্রীয় এই সংস্থাটি।