সচিবালয়ে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে মন্তব্য করার সময় এখনও হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এদিন সকালে সচিবালয়ের যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের তদন্ত কমিটি। পরে সাত নম্বর ভবনে আলামত সংগ্রহ করেন কমিটির সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তদন্ত কাজ।
আগুনের ঘটনা নাশকতা কি না এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এটি দুর্ঘটনা নাকি নাশকতার তা নিয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি।’
সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুনের ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার রাতে নতুন করে ৮ সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই সঙ্গে আগের সাত সদস্যের কমিটি বাতিল ঘোষণা করা হয়। নতুন কমিটিতে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হয়। এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা উদঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে।
আদেশে বলা হয়, কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে।