জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে শেতাব আলী ওরফে শেজাব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় ইসমাইল (৩২) ও সুরমান আলী (৩৫) নামে আরও দুজনকে আটক করে পুলিশ। অভিযানে পুলিশ একটি ওয়ান শুটারগান, ছুরি ও আট রাউন্ড গুলি উদ্ধার করে। গতকাল শুক্রবার দুপুরে ইসলামপুর থানার ওসি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শেতাব আলী ওরফে শেজাব আলী উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা (ভাসমান) এলাকার জানকী বেপারির ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনার সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ইসমাইল ও সুরমান আলীকে আটক করে পুলিশ। ইতিমধ্যে আরেকজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়ার খবর পায় পুলিশ। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ সময় একটি ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করে।