যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমা হামলা, দোকানপাট ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বাগআঁচড়া বাজারে ময়ূরী সিনেমা হলের সামনে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির অনুসারী বাগআঁচড়া যুবদলের বহিষ্কৃত কর্মী মাসুদ ও সাতমাইল এলাকার যুবদলকর্মী বাবর আলীর মধ্যে বিরোধ চলছিল। মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে এই বিরোধ চলছিল। এর জেরে মাসুদের নেতৃত্বে বাবরকে বাগআঁচড়া বাজারে মারধর করা হয়। পরে বাবরের পক্ষের নেতাকর্মীরা খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকান ভাঙচুর করে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।
পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, গত বৃহস্পতিবার দুপুরে আবার মোটরসাইকেল বহর নিয়ে মাসুদের বাড়িতে হামলা চালায় তারা। এ সময় তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এর জেরে বৃহস্পতিবার রাত পর্যন্ত থেমে থেমে চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।