নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম বিল্লাল (৪৫)। এ সময় লাভলী (২৫) নামে তার এক নারী সহযোগী গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল (৪৫) এবং তার সহযোগী লাভলীসহ (২৫) ১০-১২ জনের একটি ডাকাত দল। ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি বুঝতে পেরে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ডাকাত বিল্লালকে কাহেন্দী ব্রিজের পাশে ধরে ফেলে। তখন গণপিটুনিতে সে নিহত হয়।
অন্যদিকে, সহযোগী লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ডাকাত লাভলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘আমি ডাকাত না। আমি খারাপ কাজ করি। মানুষ দেখে ভয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে গ্রামের মানুষ আমাকে অনেক মারধর করে।’
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে খুন ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তবে আটক নারী ডাকাত কি না তা নিয়ে তদন্ত চলছে।