নিতিশের সেঞ্চুরিতে ফলোঅন এড়িয়ে ঘুরে দাঁড়াল ভারত

স্কট বোল্যান্ডের বলটি নিতিশ কুমারের দর্শনীয় শটে মিড অন দিয়ে সীমানাছাড়া হতেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারি। দলের মহাবিপদে আট নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামা নিতিশ কুমার রেড্ডি। ক্রিজের অপরপ্রান্তে তখন শেষ ব্যাটসম্যান হিসেবে আছেন মোহাম্মদ সিরাজ। নিতিশের ব্যাটেই মেলবোর্নে ফলোঅন এড়িয়ে লড়াইয়ে ফিরল ভারত।

অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ধসে পড়েছিল ভারতের টপ অর্ডার। পরে যশস্বী জয়োসয়াল আর বিরাট কোহলির ১০৩ রানের জুটিতে তারা ঘুরে দাঁড়ায়। মাত্র ৮ বলের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে ফের বিপদে পড়ে ভারত। ৮২ রান করা জয়সোয়াল অন্যমনষ্কভাবে রান নিতে গিয়ে সেঞ্চুরি মিস করেন। ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে ভারত দ্বিতীয় দিন শেষ করেছিল। শঙ্কা জেগেছিল ফলোঅনের লজ্জার।

আজ শনিবার তৃতীয় দিনে ৮ম উইকেটে ১২৭ রানের দারুণ জুটি গড়েন নিতিশ রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর। এই জুটিতেই ফলোঅন এড়িয়ে ছুটতে থাকে ভারত। ওয়াশিংটন সুন্দর ১৬২ বলে ৫০ রান করে নাথান লায়নের শিকার হন। তবে ১৭১ বলে ১০ চার ১ ছক্কায় ঠিকই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ২১ বছরের পেস বোলিং অল-রাউন্ডার নিতিশ। ১১৬ ওভারে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৫৮ রান। এখনো তারা ১১৬ রানে পিছিয়ে।