রোহিতের ক্যারিয়ার অস্ট্রেলিয়াতেই শেষ? আলোচনায় বসছেন প্রধান নির্বাচক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে রান নেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তিনি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতার পর তার টেস্ট ক্যারিয়ার নিয়েও বড় প্রশ্ন উঠেছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রোহিতের ভবিষ্যত নিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান নির্বাচক অজিত আগরকার।

অ্যাডিলেড এবং ব্রিসবেনে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন রোহিত। মেলবোর্নে ওপেনিংয়ে ফিরে ৫ বলে মাত্র ৩ রান করে আউট হয়ে যান। প্যাট কামিন্সের বলে তিনি যেভাবে অসহায়ের মতো আউট হয়েছেন, সেটা রীতিমতো বিস্ময়কর। কারণ আউট হওয়ার মতো বলই ছিল না সেটা। অস্ট্রেলিয়ায় চলতি সিরিজের পাঁচ ইনিংসে মাত্র ১৯ রান করেছেন রোহিত।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগরকার এখন মেলবোর্নেই আছেন। চলতি টেস্টের মাঝেই নাকি তিনি রোহিতের সঙ্গে একান্তে আলোচনায় বসতে পারেন। শোনা যাচ্ছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারে, তাহলে সিডনি টেস্টই হতে পারে রোহিতের ক্যারিয়ারের শেষ টেস্ট। ভবিষ্যতে লাল বলের ক্রিকেটে তাকে আর বিবেচনা করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত