২০২৫ সাল শুরুর আগে নিজেকে করুন ৭ প্রশ্ন

২০২৪ সালের কোন অর্জনটির জন্য আপনি সবচেয়ে বেশি গর্বিত?

বছর শেষের এই মুহূর্তে একটু ফিরে দেখুন কোন উদ্যোগ, কাজ বা সিদ্ধান্তটি আপনাকে গর্বিত করেছে। কোন কাজটিতে সবচেয়ে আত্মতৃপ্তি পেয়েছেন। কাজটি কেন আপনার ও অন্যদের জন্য গুরুত্বপূর্ণ, তাও ভেবে দেখুন। নিজের এই সাফল্যকে আরেকবার উদযাপন করুন। এটি সামনের বছরে এমন কাজ আরও করতে আপনাকে অনুপ্রেরণা দেবে।

কোন ব্যক্তি বা কাজ আপনাকে ইতিবাচক উদ্দীপনা জুগিয়েছে?

একটু ভেবে খুঁজে বের করুন কোন মানুষরা আপনার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে, আপনাকে পরিপূর্ণতা দিয়েছে, আনন্দিত করেছে, নির্ভার করেছে। এই ব্যক্তি ও কাজই আপনার শক্তির উৎস। ২০২৫-এ চেষ্টা করুন তাদের পরিমাণ বৃদ্ধি করতে।

২০২৪ সালে কোন বিষয়ে ঝুঁকি নিয়েছিলেন, কোন বিষয়ে রক্ষণাত্মক ছিলেন?

স্মরণ করার চেষ্টা করুন ২০২৫ সালে কোন ব্যাপারে নিজের গণ্ডির বাইরে গিয়ে ঝুঁকি নিয়েছিলেন। এই ঝুঁকির ফলই বা কী হয়েছিল। এ থেকে কি লাভবান হয়েছিলেন নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। একই সঙ্গে স্মরণ করার চেষ্টা করুন, কোন বিষয়ে ঝুঁকি নিতে সাহস করেননি, তার ফলই বা কী হয়েছিল। এই পর্যালোচনা আপনাকে ২০২৫ সালে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।

২০২৪ সালে কী শিখলেন বা কোন ভুল ধারণা থেকে মুক্ত হলেন?

আত্মোউন্নইয়ন নির্ভর করে ক্রমাগত শেখার ওপর। স্মরণ করার চেষ্টা করুন ২০২৪ সালে কী কী শিখলেন? কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করলেন। একই সঙ্গে মনে করার চেষ্টা করুন, নতুন উপলব্ধির মাধ্যমে কোন পুরনো ভুল ধারণা থেকে মুক্ত হয়েছিলেন? তার প্রভাবই বা কী ছিল?

একটি লক্ষ্য অর্জনের জন্য কী কাজ করেছিলেন ২০২৪-এ?

অনেকেই লক্ষ্যহীনভাবে একটি বছর কাটিয়েছেন। আপনি কি এ বছরে একটি লক্ষ্য অর্জন করতে সুনির্দিষ্টভাবে পরিকল্পিত কাজ করেছেন? সেই লক্ষ্যটি কি অর্জিত হয়েছে?

২০২৪ সালে কোন বিষয়টি আপনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল, কোনটি মনোযোগ পায়নি?

ভেবে দেখুন কোন বিষয়টি ২০২৪ সালে আপনার মনোযোগের কেন্দ্রবিন্ধুতে ছিল। কারণ আমরা যে বিষয়ে মনোযোগ দিই সে বিষয়েই সফল হই। কোন বিষয়টি ২০২৪-এ আপনার মনোযোগ আকৃষ্ট করতে পারেনি, সেটিও ভাবুন। এগুলো ২০২৫-এর পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে।

আজকে আপনি কী পদক্ষেপ নিতে পারেন, যা আপনাকে ২০২৫ সালে সাফল্য এনে দেবে?

করব আর করছি এই দুটি শব্দের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ২০২৫ সালে সাফল্য পেতে আপনাকে কাজ শুরু করতে হবে আজ থেকেই। এখন থেকেই। তাই এই আত্মোপর্যালোচনার শেষ ধাপে নিজেকে এই প্রশ্ন করুন যে, কোন কাজটি আপনি এখনই করতে পারেন, যা আপনাকে সাফল্য এনে দেবে ২০২৫ সালে।