টাঙ্গাইলে গভর্নর

দুর্বল ১০ ব্যাংকের অনেকগুলোই ঘুরে দাঁড়াচ্ছে

লুটপাটে দুর্বল হয়ে যাওয়া ১০ ব্যাংকের অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মুনসুর। তিনি বলেন, যারা অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের মুদ্রাস্ফীতি এখনো অনেক বেশি। এটাকে কমিয়ে আনতে হবে। আশা করছি জুন মাস নাগাদ এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।

গতকাল শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা হিসেবে ঘাটাইল শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় পারিবারিক প্রতিষ্ঠান নয়। এটা সবার জন্য। আমানতকারী সবাই ব্যাংকের মালিক। দেউলিয়া হওয়ার পথে ১০টি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে।

গভর্নর বলেন, আমাদের অর্থনীতিতে কতগুলো সংকট ছিল। বৈশ্বিক বাণিজ্যে আমাদের বিশাল ঘাটতি ছিল। রিজার্ভের পতন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা অনেকটুকু বের হয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কমছে না। গত আগস্ট মাসের পর ব্যাংক কোনো ডলার বিক্রি করেনি। কাজেই আমাদের রিজার্ভ কমবে না, বাড়বেই।

ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমানসহ আরও অনেকেই।