গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গত শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি।

জানা গেছে, একটি মামলায় নথিপত্রসহ আর এমও-কে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন গোপালগঞ্জে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন। কিন্তু একাধিকবার নির্দেশ দেওয়ার সত্ত্বেও তিনি নথিপত্র নিয়ে হাজির না হওয়ায় তাকে ৫ দিনের বিনাশ্রম সাজা দেন আদালত। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘ডা. ফারুক আহমেদকে একটি মামলায় কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন আদালত। কিন্তু দীর্ঘদিন তিনি হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’