‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ আসছে ৩১ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে। ওইদিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র প্রকাশ করবেন সংগঠন দুটির নেতারা। গতকাল শনিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত আলাদা দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?’ পরের পোস্টে ইংরেজিতে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন।’

কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পরপর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমটিতে লেখা হয়, ‘কমরেডস, নাউ অর নেভার’, দ্বিতীয়টিতে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন।’

পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও তার ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে এ-সংক্রান্ত দুটি পোস্ট দেন। প্রথমটিতে তিনি লেখেন, ‘অল আইজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় : বিকেল ৩টা’, দ্বিতীয়টিতে লেখেন, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন, নাউ অর নেভার।’

আর নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘এ বছরেই হবে, ৩১ ডিসেম্বর, ইনশাআল্লাহ!’ এ ছাড়া সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকেল ৩টা; এখনই সময়, বাংলাদেশের জন্য।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত দুটি পোস্ট দেন। প্রথমটিতে তিনি লেখেন, ‘কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ অর নেভার।’ আর দ্বিতীয় পোস্টে লেখেন, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন, ৩১ ডিসেম্বর, শহীদ মিনার, বিকেল ৩টা।’ সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখেন, ‘জুলাই হাজির হবে ইতিহাসে অমলিন হতে, ৩১ ডিসেম্বর ২০২৪।’

৩১ ডিসেম্বরের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে তারা জানান, ঘোষণাপত্রে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট বা জনআকাক্সক্ষাকে দালিলিক রূপ দেওয়া হবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর শহীদ মিনারের কর্মসূচিতে সব দলমতের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক শপথ নেবেন এবং ‘সেকেন্ড রিপাবলিক’-এর দাবি আসবে।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের উদ্যোগে তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে।