১৮১ আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৪৭

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আজ রবিবার জেজু এয়ারের বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। 

দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, জিজু এয়ার প্লেনের ওই ফ্লাইটে ১৭৫ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালে দুজনকে জীবিত পাওয়া গেছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্লেনটিতে থাকা ১৭৩ আরোহী দক্ষিণ কোরিয়ার এবং দুজন থাইল্যান্ডের নাগরিক। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।