গত ২৫ বছর ধরে চলা বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম নতুন বছরের শুরু থেকেই সাময়িক বন্ধ হচ্ছে। মূলত প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে কিছু দিন এই সেবা বন্ধ থাকবে। কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্বসাহিত্য কেন্দ্র ২৫ বছর ধরে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে গত ছয় বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় কার্যক্রমটিকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। ওই মন্ত্রণালয় এই সহযোগিতা দেয় প্রতি পর্বে দুই বছরের জন্য। প্রথম পর্বটি শেষ হলে মন্ত্রণালয় আরও দুই বছর করে দুই বার এই সহযোগিতা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত সরকারের শেষ দিনগুলোতে আমরা জানতে পারি যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে এই প্রকল্পে আর অর্থায়ন করা হবে না। কিন্তু বর্তমান সরকারের সময় নতুন করে আভাস মেলে যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আরও দুই বছরের জন্য প্রকল্পটিতে অর্থায়ন করতে আগ্রহী। এসব দোটানার মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে নতুন প্রকল্পের প্রক্রিয়াকরণে সংগত কারণেই কিছুটা সময় লেগেছে।
প্রকল্পের তৃতীয় পর্ব শেষ হলেও যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে প্রকল্পের নতুন পর্বের অনুমোদন পেতে কিছুটা সময় লেগে যাবে। এই কারণে ৩১ ডিসেম্বরের পর এই কার্যক্রমটি কিছুকালের জন্য স্থগিত থাকবে বলে জানানো হয়।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় এই ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখার দাবিতে মানববন্ধন করেন পাঠক ও ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মীরা। তাদের দাবি, প্রকল্পের কর্মকাণ্ড একদিনও স্থগিত না রেখে এটিকে অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। বিগত ২৫ বছর ধরে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম অব্যাহতভাবে পাঠক সেবা প্রদান করে এলেও হঠাৎ করে ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্তৃপক্ষ পাঠক এবং কর্মীদের স্বার্থ বিবেচনা না করে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধ ঘোষণা করায় পাঠক ও কর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়।
তাদের অভিযোগ, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের আর্থিক সক্ষমতা থাকার পরও লাইব্রেরি কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা পাঠক ও কর্মীদের সঙ্গে এক ধরনের প্রতারণা।
প্রসঙ্গত, ২৫ বছর ধরে চলা বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমে গাড়ির সংখ্যা ৭৬। এই গাড়িগুলো দেশের ৩ হাজার ২০০ স্থানে বই দেওয়া-নেওয়া করে, যার পাঠক সংখ্যা প্রায় ৫ লাখ।