কুড়িগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, বাড়ি ছাই

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বজরা ইউনিয়নের চাদনী বজরা গ্রামের ভ্যানচালক মোকলেছুর রহমান মোংলার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মোংলার মা সাহেরা বেগম (৮৫) মারা গেছেন। গত শনিবার রাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে বাড়ির পাশেই ওয়াজ মাহফিল চলছিল। বাড়ির সবাই ওয়াজ শুনতে গেলেও ওই সময় ঘরে ছিলেন মোংলা ও তার প্যারালাইজড মা সাহেরা বেগম। তখন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে একটি ঘরে আগুন লাগে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুন পার্শ্ববর্তী আরও দুটি ঘরে লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ সাহেরা বেগমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনটি ঘরসহ ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক বলেন, ‘ভ্যানচালক মোংলার বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ও ঘরে থাকা সব জিনিস পুড়ে গিয়ে অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্বাস আলী বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি আমাদের দেরিতে জানানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধার লাশ উদ্ধার করে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।’

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান গতকাল বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিদগ্ধে নিহত বৃদ্ধার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’