খুলনায় স্ত্রীসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) ও তার স্ত্রী পারভীন সুলতানা তিঁতলীকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত শনিবার গভীর রাতে নগরীর গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ  থেকে ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল ও ৫টি ককটেল উদ্ধার করা হয়। 

সোনাডাঙ্গা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, গত শনিবার রাত ১২টার দিকে যৌথবাহিনী নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়। এ সময় নগরীর শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিঁতলীকে গ্রেপ্তার করা হয়। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা তল্লাশি করে বাড়ির উঠান থেকে ৫টি ককটেল, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।