সহকর্মীর ওপর মাথা গরম হলে কী করবেন?

বাসায় স্বজনদের পর আমাদের সবচেয়ে বেশি সময় কাটে অফিসে। সকালে ঘুম থেকে উঠেই আমাদের যেতে হয় অফিসে। পারিবারিক সমস্যা, রাস্তায় যানজট, মতের অমিল, কাজ বুঝতে না পারাসহ বিভিন্ন কারণে অফিসে সহকর্মীদের কথায় অল্পতেই মাথা গরম হয়ে যায় অনেকের।

কখনো কখনো পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায়, রাগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না একেবারেই। মাথা গরম করে ভুলভাল কাণ্ড ঘটিয়ে বসলে বা কাউকে ভুল কিছু বলে ফেললেই বিপদ। এতে সহকর্মীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং আগামী দিনেও নানা সমস্যার মুখে পড়তে পারেন।

বিশেষজ্ঞদের মতে রাগ হলে মানসিক চাপ যেমন বেড়ে যায়, তেমনি কাজে মন বসে না, কাজের মানও কমে যায়। তাই কর্মক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি। তাই নিচের কিছু উপায়ে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন:

কথা বাড়াবেন না

কথা বলার সময় রাগ নিয়ন্ত্রণ করা যায় না। বরং, রাগের বশে ভুলভাল কথা বলে ফেলতে পারেন। কারও সঙ্গে রাগারাগি হলে কিংবা কারও উপর খুব মাথা গরম হলে, ওই সময় কথা বাড়াবেন না। তাই সেই সময় চুপ করে যান। সামনের মানুষটা কথা বললেও আপনি চুপ করে থাকুন।

পরিস্থিতি বোঝার চেষ্টা করুন

অনেক সময় পরিস্থিতি আপনার হাতে থাকে না। ঠিক কোন পরিস্থিতিতে আপনার মেজাজ গরম হয়, তা বোঝার চেষ্টা করুন। আপনার রাগের ট্রিগার পয়েন্টগুলো জানা থাকলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে রাগকে। ঠিক কোন প্রসঙ্গে কথা বললে রেগে যাচ্ছেন, কার সঙ্গে কথা বললে বেশি রাগ হচ্ছে, তা নির্ধারিত হলে সেগুলো এড়িয়ে চলুন।

জোরে জোরে নিঃশ্বাস নিন

কাজের জায়গায় রাগ নিয়ন্ত্রণ করা খুব চ্যালেঞ্জের। আপনি কাউকে কিছু বলতেও পারবেন না, আবার রাগ কমাতেও পারবেন না। যখনই খুব মাথা গরম হয়ে যাবে, জোরে জোরে নিঃশ্বাস নিন। এতে রক্তচাপ স্বাভাবিক হবে। এ ছাড়া ওই পরিস্থিতি থেকে বেরিয়ে এক চক্কর অফিসের বাইরে হেঁটে আসুন। স্বস্তি বোধ করবেন।

হাঁটুন

রাগ নিয়ন্ত্রণে নেই। চুপ থেকেও কাজ হচ্ছে না। জোরে জোরে শ্বাস নেন। চলুন, হেঁটে আসি একটু। রাগ উথলে কয়েক চক্কর হেঁটে আসুন। হাঁটলে যেমন একটু বিরতি পাবেন কাজের ফাঁকে, তেমনি মেজাজটাও দ্রুত ঠাণ্ডা হবে।

এড়িয়ে চলুন

যে সব মানুষের সঙ্গে বারবার বচসায় জড়িয়ে পড়েন, যারা আপনার কথা বুঝতে চায় না, কিংবা যারা আপনাকে উত্যক্ত করে, তাদের এড়িয়ে চলুন। যাদের সঙ্গে কথা বললে আপনার মাথা গরম হয়ে যায়, তাদের সঙ্গে কথা না বলাই ভালো। শুধু যেটুকু কাজের ক্ষেত্রে দরকার, সেইটুকুই কথা বলুন। পাশাপাশি যে ধরনের কথায় সমস্যা বাড়তে পারে, বা ঝগড়া বাঁধতে পারে বলে আপনার মনে হয়, সে রকম কথা এড়িয়ে চলুন। এতে সহকর্মীর উপর মাথা গরম হবে না এবং সম্পর্কও ভালো থাকবে।

নিজের কাজে মন দিন

কাজের ক্ষেত্রে কাজ নিয়ে তর্ক-বিতর্ক হওয়া স্বাভাবিক। কিন্তু কাজের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে যদি ঝামেলা হয়, তা হলে সেখানে নিজের সময় ব্যয় করবেন না। চেষ্টা করুন অফিসে নিজের কাজে মন দিতে। দিনটা এমনভাবে প্ল্যান করুন, যাতে কারও সঙ্গেই কোনও ঝামেলায় না জড়াতে হয়। কাজের মধ্যেই যেন কেটে যায় গোটা দিনটা। এতে রাগও নিয়ন্ত্রণে থাকবে।