মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট মানেই ব্যাটসম্যানদের বধ্যভূমি- এত বছর এই পরিচিতিই ছিল। চার-ছক্কার খেলা টি-টোয়েন্টিতে ১৪০ রান তুলতেই দলগুলোর নাভিশ্বাস উঠে যেত। কিন্তু এবারের বিপিএলে বদলে গেছে মিরপুরের উইকেট। প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে রানের ফোয়ারা, যার পেছনের কারিগর বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে বিসিবি। ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর ‘নতুন বিপিএল’ ধারণার জন্ম দিয়েছেন। আসর শুরুর আগে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মিরপুরের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে শর্ত দিয়েছিলেন যে, মাঠের ক্রিকেটটা ভালো হতে হবে। তাই মিরপুরে দেখা যাচ্ছে স্পোর্টিং উইকেট।
আজ মঙ্গলবার মিরপুরের প্রেসবক্স পরিদর্শনে এসে উইকেটের বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘কিউরেটরকে আগেই নির্দেশনা দিয়েছি, উইকেট যেন স্পোর্টিং হয়। ব্যাটসম্যানরা রান করতে পারে, বোলাররাও যেন চাইলে ভালো বোলিং করতে পারে। উইকেটে আড়াই মিলিমিটার ঘাস রাখা হয়েছে। ঘাস আরও কমও রাখা যেত, কিন্তু সে ক্ষেত্রে পরের দিকে উইকেট ভালো থাকত না। আমি বলেছি এ রকম উইকেটই রাখতে।’
বিসিবি সভাপতি উদাহরণ টেনে বলেছেন, সেন্ট কিটসে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ২৯৪ আর ৩২১ রান করেছিল বাংলাদেশ। সেই সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ হলেও এমন ব্যাটিং উইকেট মনে ধরেছিল ফারুকের। তাই তিনি বিপিএলে এমন উইকেট তৈরির নির্দেশ দেন, যাতে বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করতে পারে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিরপুরের উইকেট একইরকম থাকবে কিনা- সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ফারুক। তবে তিনি খুব একটা পরিবর্তন হবে বলে মনে করেন না, ‘উইকেটের আচরণ অনেক কারণেই বদলাতে পারে। পরের দিকে কী হয় বলতে পারব না। তবে আশা করি খুব বেশি পরিবর্তন হবে না। স্পোর্টিং উইকেটই থাকবে। বিপিএলে দর্শকেরা রান দেখবেন।’