বিপিএলে এবার এক ওভারে ৪ নো বল; ফিরল শোয়েব মালিকের স্মৃতি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন নো বল দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব মালিক। এবার একাদশ বিপিএলের প্রথম ম্যাচেই তাকে ছাড়িয়ে গেলেন সেই খুলনা টাইগার্সের ক্যারিবিয়ান পেসার ওশান থমাস। চারটি নো বলের সঙ্গে একটা ওয়াইডও করেছেন এই পেসার। এই ওভারে রীতিমতো বিশ্বরেকর্ড হয়ে গেছে! 

আজ মঙ্গলবার মিরপুরে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৩ রান তোলে খুলনা টাইগার্স। সেই রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ওশান থমাসের মুখোমুখি হন চিটাগং কিংসের ব্যাটাররা। নো বল দিয়েই থমাসের ওভার শুরু হয়। পরের বলটি ছিল বৈধ, যাতে কোনো রান আসেনি। থমাসের করা তৃতীয় বলটিতে ছক্কা হাঁকান নাঈম ইসলাম, সেটাও ছিল নো বল। এরপর দুটি ওয়াইড আর একটি নো বল দেন থমাস। নো বলে হজম করেন বাউন্ডারি।

থমাসের করা সপ্তম বলটি ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারি হিসেবে গণ্য হয়। ততক্ষণে একটি বৈধ ডেলিভারির বিপরীতে তিনি ১৫ রান খরচ করে ফেলেছেন, যা রীতিমতো বিশ্বেরেকর্ড! এর আগে এক বলে ১৩ রান নেওয়ার রেকর্ড ছিল ভারতের যশস্বী জয়সওয়ালের। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে নো-বল এবং ছক্কার সংমিশ্রণে এই কীর্তি গড়েছিলেন।

থমাসের ৮ম ডেলিভারিও বৈধ ছিল। এই দুটি ডেলিভারিতে কোনো রান আসেনি। এরপর ওভারের চতুর্থ নো বলটি করেন থমাস। এরপর আর নো বল করেননি এই ক্যারিবিয়ান। বৈধ চুতুর্থ বলটিতে আসে ২ রান। পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হন নাঈম। শেষ বলে কোনো রান হয়নি। ১২টি বল করে এক ওভার শেষ করেন থমাস, রান দেন ১৮।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত