চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া বিচ থেকে তাদের ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক বলেন, আটক রোহিঙ্গারা ইঞ্জিন চালিত নৌকা করে নোয়াখালীর হাতিয়া ভাসানচর থেকে পালিয়ে এসেছে। বুধবার দুপুরে পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া বিচ এলাকার সাগর পাড়ে তাদের নামিয়ে দিয়ে নৌকাটি চলে যায়। তখন তাদের জামা কাপড় ভেজা দেখে সন্দেহ হওয়ায় পরিচয় জিজ্ঞেস করা হয়। এ সময় তারা স্বীকার করে যে তারা ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে। পরে খবর দিয়ে রোহিঙ্গাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, বেলা ১টার দিকে ২০ জন রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে আমাদের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক রোহিঙ্গাদের ভাসানচর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য,গত মাসে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ২৫ জন রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডকে দেয় স্থানীয়রা।