নতুন বছরে নতুন আশা নিয়ে অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। তাকিয়ে রয়েছেন মুক্তিপ্রাপ্ত সিনেমার দিকে। গেল বছরে নানা অস্থিরতায়ও সিনেমা পাড়া ছিল বেশ জমজমাট। নানা গল্পের সিনেমা প্রশংসিত হয়েছে বটে, তবে ব্লকবাস্টার তকমা পেয়েছে একটি কিংবা দুটি! সেদিক থেকে চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা দর্শকদের আগ্রহ তুঙ্গে।
বরবাদ
পবিত্র ঈদুল ফিতরে আসবে ‘বরবাদ’, এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার। সিনেমাটির মাধ্যমে দ্বিতীয় বারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান ও ইধিকা পাল। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
দাগী
‘সুড়ঙ্গ’র পর ফের একসঙ্গে জুটি বাঁধলেন আফরান নিশো ও তমা মির্জা। রোমান্স, ড্রামা ও অ্যাকশন ঘরানায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্রটি এ বছর যেকোনো একটি ঈদে মুক্তি পেতে পারে।
তাণ্ডব
ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসবেন শাকিব খান। দুর্গাপূজায়ও তার একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। এসব ছবিতে দেশের পাশাপাশি বিদেশি নায়িকাদেরও দেখা যাবে।
জংলি
সিয়াম-বুবলীর ‘জংলি’ গেল বছরের ঈদুল আজহাতেই মুক্তি পাওয়ার কথা ছিল। প্রেক্ষাগৃহে যখন গত ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, তখনই আসে ছবিটির ফার্স্ট লুক পোস্টার। তবে ছবিটি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে। ছবিতে সিয়ামের বিপরীতে শবনম বুবলী ছাড়াও আছেন প্রার্থনা ফারদিন দীঘি।
সাবা
সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। তিনি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলার চেষ্টা করেছেন। এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। চলতি বছর শুরুর দিকেই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। যদিও তারিখ চূড়ান্ত হয়নি।
নীলচক্র
ক্রাইম ঘরানার এ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এতে মূল আকর্ষণ হিসেবে রয়েছেন সংগীতশিল্পী বালাম। প্রথমবারের মতো দর্শকরা তাকে চলচ্চিত্রে দেখতে পাবেন। শুধু তাই নয়, এই সিনেমাতে তাকে দেখা যাবে খলনায়ক চরিত্রে। নীলচক্র’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান প্রমুখ। পরিচালনা করেছেন মিঠু খান।
পিনিক
প্রথমবার খলচরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিপরীতে অভিনেতা আদর আজাদকে দেখা যাবে। অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারধর্মী এ সিনেমা পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
রিকশা গার্ল
অমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্সের সর্বাধিক বিক্রিত একই শিরোনামের একটি বইয়ের গল্প নিয়ে এটি নির্মিত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।
এর বাইরেও চলতি বছরের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে আরেক সিনেমা ‘মধ্যবিত্ত’। সিনেমাটিতে মধ্যবিত্ত শ্রেণির জীবন-সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা তানভীর হাসান। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, ওমর মালিক, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি প্রমুখ।