প্রয়াত হলেন ‘হীরালাল সেন’ পরিচালক অরুণ রায়

বছরের শেষান্তে ফুসফুসের সংক্রমণ নিয়ে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক অরুণ রায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরালাল সেন’ পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। 

গতকাল চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছিলেন, কোমায় চলে গিয়েছেন পরিচালক। পরিচালকের অসুস্থতার খবর পেয়েই তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তার প্রিয় ‘বাঘা যতীন’ দেব।

জানা গেছে, ক্যানসার বাসা বেঁধেছিল সদ্যপ্রয়াত পরিচালকের শরীরে। এক বছরেরও বেশি সময় ধরে ভুগছিলেন রোগে। 

অরুণের হাত ধরে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল। তার কথায়, ‘‘অরুণদা আমায় ছায়াছবির জনক হীরালাল সেনকে চিনিয়েছেন।’’ 

কিঞ্জল বিনোদন দুনিয়ায় এসেছেন অরুণের হাত ধরেই। তার ‘৮/১২’ ছবিতে বিপ্লবী ‘বিনয় বসু’ চরিত্রে অভিনয় করেছিলেন চিকিৎসক-অভিনেতা। সেই কৃতজ্ঞতা থেকেই কি আরজি করে অরুণের চিকিৎসার ব্যবস্থা করলেন? 

চিকিৎসকের দাবি, “অর্থনৈতিক পরিস্থিতি একটা কারণ তো বটেই। নিজে উপস্থিত থেকে অরুণদার দেখভাল করার চেষ্টা করব, সেটাও অন্যতম কারণ।’’

চিকিৎসক আরও জানিয়েছেন, পরিচালককে ক্যানসার কাবু করে ফেলেছিল। নিয়মে থাকলেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল। ফলে, ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। 

তার আফসোস, “বরাবর ব্যতিক্রমী ছবি বানানোর চেষ্টা করেছেন অরুণদা। তার জন্যই তো ছায়াছবির জনক ‘হীরালাল সেন’কে চিনেছি। ‘চোলাই’ তার আরও একটি ভাল কাজ। ইন্ডাস্ট্রি তার মতো প্রতিভাকে সঠিক ব্যবহার করতে পারল না।”