সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের এক রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। গতকাল শুক্রবার বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য এ কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার পর থেকেই বিষয়টি আলোচনায় এসেছে। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অত্যন্ত আশাবাদী। আমরা চাই, সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। সবার মধ্যে এ ব্যাপারে যেন চুক্তি বা সমঝোতার মতো কিছু হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে এক মুক্ত ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই পরিবেশকে কাজে লাগিয়ে আনন্দমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চাই। এটি সফল করতে আমরা সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যেন সবার অংশগ্রহণে একটি উদাহরণমূলক নির্বাচন আয়োজন করা যায়। ডাকসু নির্বাচনের বিষয়ে সব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিবিএ ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, এ বছর আইবিএতে ১২০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১০ হাজার ২৭৮ জন। আগামী ১৫ জানুয়ারি প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফল ঘোষণা করা হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।