সিডনি টেস্টের নাটকীয় মোড় নিয়েছে। প্রথম ইনিংসে ১৮৫ রান তুলেও লিড নিয়েছিল ভারত। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তারা ১৮১ রানে গুটিয়ে দেয়। ভালো কিছুর আশা জাগলেও ভারতকে ফের ডুবিয়েছে ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষে ১৪১ রানে ৬ উইকেট হারিয়েছে ভারত। তাদের লিড হয়েছে ১৪৫ রানের।
রোহিত শর্মাকে ছাড়া মাঠে নামা ভারতের বোলাররা এদিন অজিদের চেপে ধরেছিল। বিশেষ করে ভারতের পেস আক্রমণের সামনে নাকানি চুবানি খেয়েছে অজিরা। সর্বোচ্চ ৫৭ রান করেছেন বিউ ওয়েবস্টার। আর কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন স্টিভেন স্মিথ। অজিদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে ৫১ ওভার। তিনটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া চোট পেয়ে মাঠ ছাড়া অধিনায়ক বুমরা এবং নিতিশ রেড্ডি দুটি করে উইকেট নিয়েছেন।
৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ভারতের শুরুটা কিন্তু মন্দ হয়নি। যশস্বী জয়সোয়াল আর লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে ওঠে ৪২ রান। স্কট বোল্যান্ডের বলে রাহুল (১৩) বোল্ড হতেই নিয়মিত বিরতিতে উইকেট পতন শুরু হয়। ভারতের পতন হওয়া ৬ উইকেটের ৪টিই নিয়েছেন এই পেসার। বাকি দুটি নিয়েছেন প্যাট কামিন্স আর ওয়েবস্টার।
বিরাট কোহলি আরও একবার ব্যর্থ হয়েছেন। বোল্যান্ডের অফ স্টাম্পের বলে খোঁচা মেরে সেই পুরনো কায়দায় আউট হয়েছেন ৬ রানে। মিডল অর্ডারে রিশাভ পান্ত এদিন টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং শুরু করেন। ৩৩ বলে ৬ চার এবং ৪ ছক্কায় ৬১ রানে শিকার হন কামিন্সের। রোহিতের জায়গায় একাদশে আসা শুবমান করেন ১৩ রান। দিনশেষে রবীন্দ্র জাদেজা ৮ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত।