যশোরে পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামে পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের গায়ে পুলিশ সদৃশ কটি, একজনের হাতে পিস্তল ও সচল ওয়াকিটকি ছিল বলে আক্রান্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোর ৪টা ১৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে ডাকাতি সংঘটিত হয়। ৭-৮ ব্যক্তি গ্রামের পশুপতি দেবনাথের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয়ে প্রবেশ করে। এরপর তারা বাড়িতে তল্লাশির নামে লুটপাট চালায়। এ সময় বাড়ির দুই পুরুষ সদস্যকে হাতকড়া পরিয়ে ও নারী সদস্যকে বেঁধে রাখে ডাকাতরা।

পশুপতি দেবনাথ জানান, ডাকাতদের চারজনের গায়ে ডিবি পুলিশ লেখা কটি ও বাকিদের গায়ে নেভি ব্লু রঙের কটি ছিল। একজনের হাতে একটি পিস্তল ও সচল ওয়াকিটকি ছিল। ডাকাতরা তার ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫ হাজার টাকা এবং মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে গেছে। এছাড়া পাশের বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি আইফোন নিয়ে গেছে। বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম বলেন, আক্রান্ত পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।