পর্নো তারকাকে ঘুষ

ট্রাম্পের সাজা নিশ্চিত তবে জেল না দেওয়ার ইঙ্গিত

পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার বিষয়ে জানা যাবে আগামী ১০ জানুয়ারি। এদিন নিউ ইয়র্কের একটি আদালতে রায় ঘোষণার দিন নির্ধারিত আছে। তবে সাজা নিশ্চিত বলে ধরে নেওয়া হলেও ট্রাম্পকে কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড তাকে দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছে আদালত।

নিউ ইয়র্কের বিচারপতি হুয়ান মারচেন বলেছেন, ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানার সাজা না দিয়ে বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দিতে পারেন। মারচেন তার আদেশে লিখেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সশরীরে বা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন। বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে আনা মামলা খারিজ করার চেষ্টা করেছিলেন ট্রাম্প।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ট্রাম্প। এরপর বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার ৩৪টি অভিযোগও আছে ট্রাম্পের বিরুদ্ধে।

গত মে মাসে নিউ ইয়র্কের একটি আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত ২৬ নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মারচার তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন।

গত শুক্রবার ট্রাম্পের মুখপাত্র সাজার আদেশের সমালোচনা করে বলেন, এটি একটি ‘উইচ হান্টের’ অংশ। এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, এই মামলায় ট্রাম্পের কোনো সাজা হওয়া উচিত নয়।

এই মামলার রায়ের ফলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করতে যাচ্ছেন।