ঢাবি ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগের জাফরবাদ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ তাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এদিকে গতকাল বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলা এলাকা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ বন্ধু আবু সায়েম সরকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া ছাত্রলীগের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের নান্দাইলের ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিমকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান  বলেন, গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীরা ককটেল-বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালান। এ সময় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন।

এ ঘটনায় ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি। তদন্তাধীন এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি সজিবুর রহমান সজিবকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিসি তালেবুর রহমান।

গাজীপুরে ছাত্রলীগ নেতা সোহানুর গ্রেপ্তার : ছাত্রলীগের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গোপনে মিটিং করার প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, শনিবার  দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

নীলফামারীতে ছাত্রলীগের শীর্ষ নেতা গ্রেপ্তার : ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ট বন্ধু আবু সায়েম সরকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টায় জেলার সৈয়দপুর উপজেলা এলাকা থেকে আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়। এর আগে  গত শুক্রবার মধ্যরাতে জেলা শহরের বাবুপাড়া ও জুম্মাপাড়া এলাকা থেকে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী দেশ রূপান্তরকে জানান, ডিমলা উপজেলার কুটিরডাঙ্গার একটি মামলায় আবু সায়েম সরকারকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নীলফামারী সদর থানার ওসি মাহফুজুর রহমান সাঈদ দেশ রূপান্তরকে জানান, নীলফামারী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম শাহ আলম তমুর গ্যারেজে অগ্নিসংযোগ ও হামলা মামলায় জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুল হোসেন এবং ছাত্রলীগ কর্মী ফরহাদ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নাজমুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ওসি জানান, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এ নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলের নেতৃত্বে ১৫-২০ জন এই মিছিলে অংশ নেন। তারা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে গত আগস্টে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা প্রতিকৃতির ওপর বঙ্গবন্ধুর একটি ছবি টাঙিয়ে তাতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পরে মনে’ স্লোগান দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।

নান্দাইলে ছাত্রলীগ নেতা হামিম গ্রেপ্তার : ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার মূল আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিমকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে নান্দাইল মডেল থানার পুলিশ।  হামীম নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহাম্মেদ জানান, সে বিদেশে পালিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদেশে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিমানবন্দর থানার পুলিশের সহযোগিতায় ইমিগ্রেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনটি নিজস্ব প্রতিবেদক, গাজীপুর, নীলফামারী, টাঙ্গাইল ও ময়মনসিংহ প্রতিনিধির তথ্যে