‘এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আমরা ভালো করার চেষ্টা করব’ - ম্যাচ হারের পর বাংলাদেশি অধিনায়কদের মুখে এই কথা হরহামেশাই শোনা যায়। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে একটু বেশিই শোনা যেত। এবার সিডনি টেস্টে ৬ উইকেটে হারের পর একই কথা বললেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রিত বুমরা, যিনি ৩২ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা।
আজ রবিবার ম্যাচের তৃতীয় দিনেই হেরে যায় ভারত। খেলা শেষে বুমরা বলেন, ‘সিরিজে ভালো লড়াই হয়েছে। (সিডনিতে) আজ সকালেও আমরা লড়াই করেছি। এই সিরিজ আমাদের অনেক অভিজ্ঞতা দেবে। অনেক কিছু শিখেছি। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে, যারা প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে। এই সিরিজ তাদের ভবিষ্যতে সাহায্য করবে। এই অভিজ্ঞতা আগামীদিনে ওরা আরও শক্তিশালী হয়ে উঠবে।’
পিঠের পেশির চোটে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি বুমরা। এ নিয়ে তার বেশ আক্ষেপ আছে, ‘খুব হতাশ লাগছে। কিন্তু কখনো কখনো শরীরের কথা ভাবতে হয়। শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না। ইচ্ছা না থাকলেও তাই মেনে নিতে হয়। এই সিরিজ বোলিং খুব উপভোগ করেছি। আজ বোলিং করতে পারলে ভালো লাগত। কিন্তু প্রথম ইনিংসের পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল। সকালেও কথা বলি সংশ্লিষ্টদের সঙ্গে। প্রথম ইনিংসে আমাদের অন্য বোলারেরাও বেশ ভালো বল করেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ভারতের প্রাপ্তি কী- এমন প্রশ্নে বুমরা বলেছেন, ‘এখানে আমরা অনেক কিছুই শিখেছি, যা আগামী দিনে কাজে লাগাতে হবে। ক্রিকেট যেমন শিখতে হয়, তেমনই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাও জরুরি। সব মিলিয়ে একটা দারুণ সিরিজ হয়েছে। অস্ট্রেলিয়াকে অভিনন্দন, তারা যোগ্য দল হিসাবেই সিরিজ জিতেছে। আমরা নিজেদের ভুল, দুর্বলতা নিয়ে আলোচনা করব। থেমে থাকার সুযোগ নেই। এখান থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।’