পাঁচ মাসও হয়নি বিসিবির পরিচালক হয়েছেন স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম। এখন তিনি বোর্ডের দায়িত্ব ছেড়ে দিতে চান। এর পেছনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তার দ্বন্দ্বের খবর সামনে এসেছে। ফাহিম নিজেও বলেছেন, ফারুক তার সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন, তাতে তিনি দায়িত্ব থেকে সরেও যেতে পারেন।
সদ্যই শুরু হয়েছে বিপিএল। ঢাকায় আসরের প্রথম পর্ব চলাকালীন সময়েই নাকি ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। কোনো একটি বিষয়ে ফাহিমকে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসেন বানায় দেই’!
যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহিম এই ঘটনা অস্বীকার করেননি। বরং তিনি বলেছেন, ‘বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি পুনরায় বলতে চাই না। তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানিনা কেন তিনি এতোগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন! পরিচালকদের যে জায়গা দেয়া দরকার সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথাটা কিছুটা ভিন্ন হতে পারতো। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’
গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডে আসেন নাজমুল আবেদীন ফাহিম। একই সময় বিসিবি সভাপতি হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পাঁচ মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরল। ফারুকের বিরুদ্ধে অভিযোগ- তিনি বোর্ড পরিচালকদের স্বাধীনভাবে কাজ না করতে দেয়ার পাশাপাশি তাদের মতামত উপেক্ষা করেন।
বিসিবি এভাবে চলতে থাকলে দায়িত্ব থেকে ইস্তাফা দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন ফাহিম, ‘আমার অনেক সময় মনে হয় আমি বোর্ডের বাইরে থাকতে পারলেই মনে হয় ভালো হবে। কারণ, আমি বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি বা যে আলাপ-আলোচনা করতে পারি, সেটি এখানে থেকে করা সম্ভব নয়। আমি যদি বোর্ডে থাকি তাহলে আমাকে কাজ করতে দিতে হবে। কাজ না করতে পারলে তার চেয়ে বাইরে থাকাই ভালো।’